ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. ইমরান, সাধারণ সম্পাদক তোয়াছিন আনোয়ার, যুগ্ম সম্পাদক আতাহার উদ্দিন। অন্য দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল শনিবার একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ছিল। এ উপলক্ষে নানা সংগঠন কলেজে নবীনদের বরণ করতে প্রস্তুতি গ্রহণ করে। সকাল সাড়ে নয়টার দিকে কলেজের প্রধান ফটকে শিবিরের কর্মীরা দাঁড়িয়ে ফুল দিয়ে নবীনদের বরণ করছিল। ওই সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোয়াছিন আনোয়ার কয়েকজন কর্মী নিয়ে কলেজে ঢোকার সময় বাধা দেয় শিবিরের কর্মীরা। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সকাল ১০টার দিকে তোয়াছিন আনোয়ার ছাত্রলীগ কর্মীদের জড়ো করার চেষ্টা করলে শিবিরের অন্তত শতাধিক কর্মী তাদের ওপর হামলা চালায়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোয়াছিন আনোয়ার বলেন, শিবির বহিরাগত কর্মীদের নিয়ে এসে পরিকল্পিতভাবে ছাত্রলীগের ওপর হামলা করেছে।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. পারভেজ প্রথম আলোকে বলেন, শিবিরের পক্ষ থেকে সুন্দরভাবে নবীনদের বরণ করা হচ্ছিল। ওই সময় ছাত্রলীগের কর্মীরা এসে শিবিরের কর্মীদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন বলেন, বহিরাগত কিছু যুবক ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।