ছাত্রলীগ কর্মী ও ট্রাফিক পুলিশের হাতাহাতি
মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের ট্রাফিক সিগন্যাল অমান্য করা নিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী ও ট্রাফিক পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ট্রাফিক কনস্টেবল কৃষ্ণ তালুকদার (২৮) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার শহরের চৌমোহনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে একটি অটোরিকশা চৌমোহনা এলাকা দিয়ে যাওয়ার সময় চালক ট্রাফিক সিগন্যাল অমান্য করে। এ নিয়ে ট্রাফিক কনস্টেবল কৃষ্ণ তালুকদার চালককে বকাঝকা করেন। এ সময় অটোরিকশাযাত্রী ছাত্রলীগের কয়েকজন কর্মী এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি এবং একপর্যায়ে হাতাহাতি ও কিলঘুষির ঘটনা ঘটে। এতে কৃষ্ণ তালুকদার আহত হন। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় ছাত্রলীগের কর্মী রেজাউল করিম (২৭), ইয়াসিন মিয়া (২৫), আজিজুর রহমান (২৩) ও মোস্তাকিন মিয়াকে (২৪) আটক করে পুলিশ।
ছাত্রলীগের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মূলত পথচারীর সঙ্গে ট্রাফিকের সমস্যা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ সম্পৃক্ত না। ভুল-বোঝাবুঝি হয়েছে। এটি সমাধানের চেষ্টা চলছে।’
সদর মডেল থানার ওসি আবদুছ ছালেক জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।