ছাত্রলীগ কর্মী তানিম হত্যা: ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিম
তানিম

সিলেট নগরে টিলাগড়ে ছুরিকাঘাতে ছাত্রলীগের কর্মী তানিম হত্যার প্রতিবাদে সিলেটের এমসি কলেজ ও সরকারি কলেজে ধর্মঘট চলছে। আজ সোমবার সকাল ১০টার দিকে টিলাগড় এলাকায় ছাত্রলীগের একাংশ দুই কলেজের পাশের সড়ক অবরোধ করে এবং এমসি কলেজ মাঠে চলা টি-টোয়েন্টি খেলার স্থাপনা ভাঙচুর করে।

গতকাল রোববার রাত নয়টার দিকে অতর্কিত হামলায় সিলেট সরকারি কলেজ স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম খুন হন। এমসি কলেজকেন্দ্রিক টিলাগড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তানিম আওয়ামী লীগের রণজিৎ সরকারপক্ষের সক্রিয় কর্মী ছিলেন। তানিমের বাড়ি সিলেটের ওসমানীনগরের তাজপুরে।

তানিম হত্যার ঘটনায় টিলাগড়কেন্দ্রিক আজাদ গ্রুপের ছাত্রলীগ নেতা-কর্মীরা জড়িত দাবি করে এর বিচার চেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রণজিৎ সরকারের অনুসারী ছাত্রলীগের অংশ।

৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমসি কলেজ ও টিলাগড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটেছে বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন।

এই ধর্মঘটের কারণে কলেজ দুটিতে স্নাতক (পাস) প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে, আজ স্নাতক দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের শেষ দিন থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, এমসি কলেজ ও সরকারি কলেজের প্রধান ফটকে ‘ধর্মঘট’ লেখা কাগজ সাঁটিয়ে তালা লাগিয়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের কর্মীরা।

জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন, তানিম হত্যার বিচার চেয়ে ডাকা অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট চলবে।

সকাল সাড়ে ১০টার দিকে দুই কলেজের সামনে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় একটি অংশ সিলেট নগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমানের নামে এমসি কলেজ মাঠে চলা ‘ক্লেমন-আজাদ কাপ’ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের স্থাপনা ভাঙচুর করে। এ কারণে আজ খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার বাসুদেব বণিক জানিয়েছেন, খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।