কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরেক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ছুরিকাঘাতের শিক্ষার শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের মো. আমজাদ হোসেন। আর বহিষ্কৃত শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের ষষ্ঠ ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মো. মোয়াজ্জেম হোসেন ওরফে জীবন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক আদেশে গত রোববার এসব তথ্য জানানো হয়।
সূত্র জানায়, গত বছর ৮ জুন সকাল নয়টায় বাসের সিটে বসা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ছাত্রলীগের কর্মী মো. মোয়াজ্জেম হোসেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের মো. আমজাদ হোসেনকে প্রশাসনিক ভবনের সামনে ছুরিকাঘাত করেন। এতে তাঁর হাত, পা ও পিঠে গুরুতর জখম হয়।
এ ঘটনায় ওই দিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত বছরের ২২ জুন প্রতিবেদন দেয়। কমিটির প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সিন্ডিকেটে মোয়াজ্জেম হোসেনকে ২০১৬ সালের ১২ এপ্রিল পর্যন্ত মোয়াজ্জেমকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। গত রোববার বিকেলে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এক আদেশে তা প্রকাশ করেন। মোয়াজ্জেমের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খিল্লাপাড়া গ্রামে। এ ব্যাপারে মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।