ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ছাত্রলীগের আহত কর্মীর নাম আরিফ হোসেন (২২)। তিনি নগরের মতিহার থানার মেহেরচণ্ডী পূর্বপাড়ার মোতালেব হোসেনের ছেলে। তিনি রাজশাহী নগরের দেবিসিংপাড়ায় অবস্থিত ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে অটোরিকশাযোগে আরিফ বিনোদপুর বাজারে যান। অটোরিকশা থেকে নামার পরপরই তিন-চারজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তিনি দৌড় দিয়ে কিছু দূর যাওয়ার পর পড়ে যান। সেখান থেকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার বুকে ও বাঁ পায়ে দুটি বড় জখম হয়েছে।
মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, আরিফ নগরের মতিহার থানা ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য। মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের জরুরি সভা শেষে তিনি বাড়ি ফিরছিলেন। মৌলবাদী চক্র এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।