
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের এক পক্ষের হামলায় নিহত হয়েছেন ছাত্রলীগের কর্মী মো. রেজাউল করিম ওরফে রেজা (২৭)। আহত হয়েছেন ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ইনস্টিটিউটের সামনে দেশি অস্ত্র নিয়ে রেজা ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালানো হয়।
নিহত রেজা পটুয়াখালীর বাউফল উপজেলার গরিপাশা গ্রামের মৃত আবদুল ছত্তারের ছেলে। তিনি বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের অনুসারী ছিলেন।
পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রেজা ২০০৬ সালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করে বের হলেও তিনি কলেজ ছাত্রলীগের একাংশ নিয়ন্ত্রণ করতেন।
শুক্রবার রাতের হামলায় গুরুতর আহত শিক্ষার্থীরা হলেন ইনস্টিটিউটের সপ্তম পর্বের ছাত্র আসাদুজ্জামান ফাহিম, মেহেদী হাসান, মো. রায়হান। এঁরা সবাই কলেজ ছাত্রলীগের কর্মী ও নিহত রেজার সহযোগী। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রায়হান বলেন, গত সপ্তাহে পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন আমীর কুটির এলাকার বাসিন্দা মো. জাহিদ ধারালো অস্ত্রসহ বহিরাগত নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁরা ছাত্রদের কাছে চাঁদা দাবি করেন এবং নানা হুমকি-ধমকি দেন। তখন রেজা ও তাঁর সহযোগীরা ক্যাম্পাসের মধ্যেই বহিরাগতদের পিটুনি দেন। একপর্যায়ে একটি ধারালো অস্ত্রসহ জাহিদকে পুলিশের হাতে তুলে দেন রেজা। কিন্তু কয়েক দিনের মধ্যেই তিনি ছাড়া পেয়ে যান। ছাড়া পেয়ে ছাত্রলীগের এক পক্ষের ছত্রচ্ছায়ায় ক্যাম্পাসের সামনে অবস্থান নেন। রাতে ক্যাম্পাসে ঢোকার পথে রেজাসহ তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
এদিকে রেজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ ছাড়া মেহেদি হাসান নামে এক যুবলীগ নেতার বাড়িও ভাঙচুর করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুরুতর আহত রেজাউল করিমকে আনার সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। কিন্তু তাঁর গলার রক্তনালি, ঘাড়ের রগ ও পেটে গভীর ক্ষত হওয়ায় দ্রুত রক্ত বের হয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই তিনি মারা যান। এ ছাড়া আহত অন্য একজনের চোখে আঘাত লাগায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনের চিকিৎসা চলছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা হলেও এ ব্যাপারে কেউ মামলা দায়ের করেনি। তবে পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।