রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফোকলোর মাঠসংলগ্ন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
আহত তারিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে তারিকুর কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীর সঙ্গে ক্যাম্পাসে হাঁটছিলেন। তাঁরা পুরোনো ফোকলোর চত্বরসংলগ্ন পুকুরপাড়ে এসে পৌঁছালে অন্যরা কিছুটা সামনে এগিয়ে যান। এ সময় তারিকুর প্রস্রাব করতে পুকুরপাড়ে যান। প্রস্রাব করে উঠে দাঁড়াতেই দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তারিকুর চিৎকার করে দৌড়াতে শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয়।
ঘটনাস্থলের পাশে দিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবদুল্লা আল গালিব বলেন, ‘আমি রিকশা নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তাঁর চিৎকার শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি তারিকুর চিৎকার করছে আর তাঁর বুক দিয়ে রক্ত ঝরছে। তাঁর বুকে, কোমরে, কানের কাছে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান হাসপাতাল থেকে প্রথম আলোকে বলেন, হামলাকারীরা পেছন থেকে তাঁর কোমরের কাছে ছুরিকাঘাত করে। এরপর ঘুরে দাঁড়াতেই বুকের ওপর ছুরিকাঘাত করে। এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। তারিকুরের অবস্থা আশঙ্কাজনক। কারা হামলাটি চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, তারিকুলকে কে বা কারা কুপিয়ে গুরুতর জখম করেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।