ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে শিবির বলে পুলিশে
চট্টগ্রামের সীতাকুণ্ড কলেজের প্রবেশপথে ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগেরই একটি অংশ। পরে তাঁকে শিবিরের সদস্য আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
রাজুর বাড়ি (২০) শহরের চৌধুরীপাড়ায়। তাঁকে ছাত্রলীগের কর্মী দাবি করে কলেজ রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের আরেকটি অংশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের একটি পক্ষ তিন দিন আগে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জামসেদ উদ্দিনকে পিটিয়ে আহত করে। এর জেরে গতকাল পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের এক পক্ষের কয়েকজন রাজুর ওপর হামলা চালায়। পরে তাঁকে শিবির কর্মী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ রাজুকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, রাজু শিবিরের সদস্য। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গতকাল সকালে পৌর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম বাবুলকে মারতে গেলে ছাত্রলীগের কর্মীরা ও এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে দেয়।
তবে পৌর ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, রাজু ছাত্রলীগের সদস্য।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, রাজুর বিরুদ্ধে নাশকতার ঘটনায় কিংবা রাজনৈতিক কোনো মামলা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দলের জেরে তাঁকে পিটিয়ে পুলিশে দেওয়া হয়।