জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছেন অপর পক্ষের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
হলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হলের ছাত্রলীগের কর্মী ও ৩৮তম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনের কক্ষে ঢোকেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুর রহিম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী রবিউল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের আবু হাসান, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের আদনান সৌম্যসহ ৮ থেকে ১০ জন।
এ সময় তাঁরা দা, রড ও পাইপ নিয়ে তাঁর ওপর হামলা চালান। তাঁর কাঁধে একজন দা দিয়ে আঘাত করেন ও পেটান। মারধরের খবর পেয়ে হলের অন্য শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের বাধা দেন। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আবদুল্লাহ আল মামুন গতকাল বুধবার দুপুরে হলে ফিরেছেন।
যোগাযোগ করা হলে মামুন বলেন, ‘ষড়যন্ত্র করে একটি পক্ষ আমাকে মারধর করেছে।’ অসুস্থতার কথা জানিয়ে আর কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। জানতে চাইলে আবদুর রহিম বলেন, ‘ও ছাত্রদল করে। হলে “গুটি চালে”, তাই ওকে মারধর করা হয়েছে।’
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেলে উপাচার্যের বাসভবনে যান হলের ছাত্রলীগের আরেক পক্ষের নেতা-কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. রাহাত করিম, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় ও উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদক মো. বশিরুল হক প্রক্টরের কাছে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দেন।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘আমরা মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’