ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শৈলকুপা এলাকার এক কর্মীকে গতকাল মঙ্গলবার যুগ্ম সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে শৈলকুপা পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভাঙচুর চালান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ সূত্র জানায়, কয়েক দিন আগে বাসের আসনে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের সঙ্গে দলটির কর্মী ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা জাহিদ হাসানের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শাহিনের অনুসারী নেতা-কর্মীরা জাহিদকে মারধর করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শৈলকুপা এলাকার নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা ক্যাম্পাসে শাহিনের অনুসারী নেতা-কর্মীদের খুঁজতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে শাহিনের অনুসারী নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে অবস্থান করছিলেন। এ খবর পেয়ে শৈলকুপারকর্মীরা গিয়ে প্রক্টরের কার্যালয়ের দরজায় লাথি মারতে থাকেন। একপর্যায়ে তাঁরা লাঠি দিয়ে কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেন।
প্রক্টর কার্যালয়ের কর্মচারীরা বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শৈলকুপা এলাকার নওশাদ, নাজমুল, রাকিব, সুমন, কবির, ডলারসহ সাত-আটজন কর্মী প্রক্টর কার্যালয়ে হামলা চালান। এ সময় শাহিনের অনুসারী নেতা-কর্মীরা কার্যালয়ের বাইরে তালা দেওয়া অবস্থায় ভেতরে অবস্থান করছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিত। শৈলকুপা এলাকার নেতা হাফিজের কিছু কর্মীর সাথে আমার কিছু কর্মীর কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয় বলে শুনেছি। পরে আমরা প্রক্টর অফিসে অবস্থান করছিলাম। এ সময় শত্রুতার জের ধরে হাফিজের নেতৃত্বে শৈলকুপা এলাকার কবির, নওশাদ, সুমন, সোহেলসহ কয়েকজন সেখানে হামলা চালায়।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ও শৈলকুপার নেতা হাফিজুর রহমানের মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘একটা ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে সমঝোতা করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কথা বলতে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।