ছাত্রলীগ কর্মীকে মারধর, ছাত্রাবাসের কক্ষে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজে নিজেদের কর্মী প্রহৃত হওয়ার জের ধরে ছাত্রাবাসের দুটি কক্ষে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পূর্ববিরোধের জেরে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ছাত্রলীগ কর্মী ও কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজাকে মারধর করেন। এতে কলেজ ছাত্রদলের সভাপতি মোর্ত্তজা ফামিন ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান নেতৃত্ব দেন। সাধারণ শিক্ষার্থীরা শাহিনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, শাহিনুরকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।
কয়েকজন শিক্ষার্থী বলেন, মারধরের খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মুসলিম ছাত্রাবাসের দুটি ভবনে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের খোঁজ করেন। তাঁদের না পেয়ে ভবন দুটির দুটি কক্ষে আগুন ধরিয়ে দেন তাঁরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগের রাজশাহী মহানগরের সভাপতি এবং রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র রকি ঘোষ বলেন, আগুন লাগানোর বিষয়টি তাঁরা জানেন না।
কলেজ ছাত্রদলের সভাপতি মোর্ত্তজা ফামিন বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে শাহিনুরের ওপর হামলা হয়েছে। ছাত্রলীগ এটিকে রাজনৈতিক রং দিয়ে ছাত্রদলের কর্মীদের কক্ষে আগুন দিয়েছে।