ছাত্রলীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গতকাল রোববার বিকেলে দুই হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত তিনজন আহত হন।
আহত ছাত্ররা হলেন বিভাগের ১৭তম ব্যাচের তৌফিক হাসান, মুহাম্মদ হাসান ও মাইদুল। তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুই হলের ছাত্রলীগ নেতা ও অ্যাকাউন্টিং বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক শ্রেণির শেষ দিন (র্যা গ ডে) ছিল। দিবসটি উদ্যাপনের জন্য টাকা উত্তোলন ও অনুষ্ঠানের দায়িত্ব ভাগাভাগি নিয়ে কবি জসীমউদ্দীন হলের মাইদুল ও একই বিভাগের হাজী মুহম্মদ মুহসীন হলের তৌফিক ও হাসানের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ওই সময় দুই পক্ষের বন্ধুদের মধ্যে প্রথম দফা মারামারির ঘটনা ঘটে। তিনজনই এ সময় সামান্য আহত হন।
পরে হলে ফিরে ছাত্রলীগ কর্মীদের ডেকে নিয়ে আসেন ওই তিনজন। জসীমউদ্দীন হলের ছাত্রলীগ কর্মীরা সূর্য সেন হল ক্যাফেটেরিয়ার সামনে ও মুহসীন হলের কর্মীরা সূর্য সেন হলের সামনে অবস্থান নেন। সেখানে উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে হল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘এটা অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের ঝামেলা। ছাত্রলীগের কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়।’