সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক রজতকান্তি গুপ্তকে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগের চারজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় রজতের পক্ষে এই অভিযোগ করেন নাট্যকর্মী দেবব্রত চৌধুরী ও সুপ্রিয় দেব।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ প্রথম আলোকে বলেন, রজতকান্তি বাদী হয়ে যে অভিযোগ দায়ের করেছেন, সেটি মামলা হিসেবে গ্রহণ করা হবে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নগরের কবি নজরুল অডিটোরিয়ামে এক কনসার্টে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একদল সন্ত্রাসী রজতকান্তিকে কুপিয়ে আহত করে। ছাত্রলীগের পারভেজ অনুসারীদের সঙ্গে দর্শনদেউড়ি পক্ষের ওই সংঘর্ষ হয়।
ওই ঘটনায় গতকাল করা অভিযোগে ছাত্রলীগের দর্শনদেউড়ি পক্ষের ছাত্রনেতা মঈনুল ইসলাম, আশরাফ সিদ্দিকী, ইমরান চৌধুরী ও ইয়াহিয়া চৌধুরীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। গত শনিবার ছাত্রলীগ নেতা পারভেজ আহমদসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছিলেন হামলায় আহত সায়মন মিয়ার বাবা জহির আলম।