উচ্ছৃঙ্খল ছাত্রদের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার দাবি জানানোর পরদিন গতকাল বুধবার ছাত্রলীগের কর্মীরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম মাহমুদকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রফিকুল ইসলাম মাহমুদ বিজ্ঞান অনুষদের ডিন। তিনি বলেন, গতকাল দুপুর দেড়টার দিকে তিনিসহ প্রায় ৩০ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়সহ বহিষ্কৃত ছাত্রদের নেতৃত্বে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করছিল। মিছিলটি শিক্ষকদের সামনে দিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মাহমুদুল হাসান মিছিল থেকে বেরিয়ে এসে তাঁকে লাঞ্ছিত করেন।
রফিকুল ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনের নাম উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নজিবুর রহমান অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ তারিখে হলে হলে বৈধ ছাত্রদের প্রবেশের তদারকি করার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা শিক্ষকদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় রেজিস্ট্রার বাদী হয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইফতেখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়সহ সাতজনের বিরূদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গত মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উচ্ছৃঙ্খল ছাত্রদের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার দাবি জানিয়ে বক্তব্য দেন।