ছাত্রলীগ কর্মীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের কর্মীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান আহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
সাংবাদিক সমিতি কার্যালয় থেকে খেলা দেখে বাংলাদেশের জয় উদযাপনের জন্য তাঁরা রাজু ভাস্কর্যে গিয়েছিলেন। সেখানে উচ্ছ্বাস করার সময় তাঁরা এ হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, ছাত্রলীগের কর্মীরা মাসুম বিল্লাহর সঙ্গে থাকা এক সহপাঠীর গায়ে রং লাগাতে গেলে তিনিসহ তাঁর সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা ইট দিয়ে তাঁদের মাথায় আঘাত করেন। এতে তাঁদের মাথা ফেটে যায়। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা আরও অন্তত তিনজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মুহসীন হলের প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ ও বাসেদ নামরে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের রমনা থানায় নেওয়া হয়েছে। রমনা থানার ওসি মসিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। শাহবাগ থানায় ভিড় হতে পারে বলে তাঁদের রমনা থানায় রাখা হয়েছে।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘এ ঘটনায় যে–ই জড়িত থাকুক না কেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’