ছাত্রলীগ কর্মীদের হামলায় তিন মেয়েসহ বাবা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করার বিষয়ে অভিভাবকদের কাছে নালিশ দেওয়ার জের ধরে বরিশালের গৌরনদীতে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে তিন মেয়েসহ বাবাকে জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই গৌরনদী থানায় ছাত্রলীগের আট নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গৌরনদীর চাঁদশী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের শাহ আলম ব্যাপারীর ছেলে মো. হারুন ব্যাপারী ঢাকায় বসবাস করেন।
শাহ আলম ব্যাপারী (৬৫) জানান, গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকায় তাঁর তিন নাতনি ২০ মে ঢাকা থেকে তাঁর বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে আসার পর থেকে একই গ্রামের ছাত্রলীগের নেতা সৈয়দ দিদার ও রিয়াজ ব্যাপারী তাঁর বড় নাতনিকে উত্ত্যক্ত করেন। বিষয়টি সৈয়দ দিদার ও রিয়াজ ব্যাপারীর অভিভাবকদের কাছে নালিশ দিলে তাঁরা আরও ক্ষিপ্ত হন। এ ব্যাপারে ফোনে জানতে পেরে হারুন ব্যাপারী মেয়েদের ঢাকায় নেওয়ার জন্য গত বুধবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। গাড়ি ছাড়ার আগমুহূর্তে দিদারের নেতৃত্বে তাঁর সহযোগী ছাত্রলীগ কর্মী রিয়াজ ব্যাপারীসহ ৮-১০ জন গাড়ির ভেতরে ঢুকে ওই তিন মেয়েসহ তাদের বাবাকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এ সময় হামলাকারীরা তাঁর তিন মেয়েকে গালাগাল ও শ্লীলতাহানি ঘটান। মারধর করে চলে যাওয়ার সময় ২৪ হাজার টাকাসহ মানিব্যাগ ও মেয়েদের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা আহত তিন মেয়েসহ বাবাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিন মেয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও হারুন ব্যাপারী এখনো চিকিৎসাধীন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই আহত হারুন ব্যাপারীর মা মায়া বেগম বাদী হয়ে ছাত্রলীগের আট কর্মীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ছাত্রলীগের কর্মী সৈয়দ দিদার বলেন, ‘উত্ত্যক্তের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বশত্রুতার জের ধরে হারুন ব্যাপারী তাঁর সহযোগী রিয়াজ ব্যাপারীকে মারধর করেছেন। এ ঘটনা জিজ্ঞাসা করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।’