ছাত্রলীগ কর্মীর কক্ষ থেকে গাঁজা উদ্ধার, তদন্ত কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীর কক্ষ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শহীদ রফিক-জব্বার হল প্রশাসন। তবে ওই ছাত্রলীগ কর্মী গাঁজা রাখার কথা অস্বীকার করে এ ঘটনাকে সংগঠনের এক নেতার ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হলের প্রাধ্যক্ষ এ এস এম আবু দায়েন এবং আবাসিক শিক্ষক আ স ম ফিরোজ-উল-হাসান গোপন তথ্যের ভিত্তিতে হলের রফিক ব্লকের ৩২০ নম্বর কক্ষে যান। সেখান গিয়ে ছাত্রলীগ কর্মী ও লোকপ্রশাসন বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র হাশেম রেজার বিছানার তোশকের নিচ থেকে গাঁজা উদ্ধার করেন তাঁরা। ওই কক্ষের চারজন ছাত্রের একজন হচ্ছেন রেজা। অন্য তিনজন বিভিন্ন বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র। গাঁজা উদ্ধারের সময় ওই কক্ষে রেজাসহ আরেকজন উপস্থিত ছিলেন। অন্য দুজন কক্ষের বাইরে ছিলেন।
এ ঘটনার পর হল প্রশাসন কক্ষটি সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে হলের আবাসিক শিক্ষক ফিরোজ-উল-হাসানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানতে চাইলে হাশেম রেজা বলেন, ‘আমার বন্ধু ও হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলমের হাত ধরে আমি রাজনীতিতে আসি। ধীরে ধীরে হলের জুনিয়র ছাত্রদের মধ্যে আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সে অন্য কাউকে দিয়ে বিছানার নিচে গাঁজা রেখে আমাকে ফাঁসিয়ে দিয়েছে।’
নওশাদ আলম বলেন, ‘আমি কাউকে ফাঁসাইনি, এ অভিযোগ মিথ্যা। হলের সভাপতি হিসেবে বলতে পারি, আমার হলে কখনো কোনো ধরনের নেশাকে প্রশ্রয় দেব না।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর হাশেম রেজার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রাধ্যক্ষ আবু দায়েন বলেন, কক্ষটি আপাতত সিলগালা করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।