ছাত্রলীগ কর্মীর কক্ষে গাঁজা, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীর কক্ষ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।
হল প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হলের প্রাধ্যক্ষ এ এস এম আবু দায়েন ও আবাসিক শিক্ষক আ স ম ফিরোজ-উল-হাসান গোপন তথ্যের ভিত্তিতে হলের রফিক ব্লকের একটি কক্ষে যান। সেখানে ছাত্রলীগ কর্মী ও লোকপ্রশাসন বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র হাশেম রেজার তোশকের নিচ থেকে গাঁজা উদ্ধার করেন তাঁরা। ওই কক্ষের চারজন ছাত্রের একজন হচ্ছেন হাশেম। অন্য তিনজন বিভিন্ন বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র। গাঁজা উদ্ধারের সময় ওই কক্ষে হাশেম ছাড়াও আরেকজন ছিলেন। অন্য দুজন বাইরে ছিলেন। এ ঘটনার পর হল প্রশাসন কক্ষটি সিলগালা করে দেয়। একই সঙ্গে হলের আবাসিক শিক্ষক ফিরোজ-উল-হাসানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানতে চাইলে হাশেম রেজা বলেন, ‘আমার বন্ধু ও হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলমের হাত ধরে আমি রাজনীতিতে আসি। ধীরে ধীরে হলের জুনিয়রদের মধ্যে আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি অন্য কাউকে দিয়ে বিছানার নিচে গাঁজা রেখে আমাকে ফাঁসিয়ে দিয়েছেন।’
নওশাদ আলম বলেন, ‘আমি কাউকে ফাঁসাইনি। এ অভিযোগ মিথ্যা। হলের সভাপতি হিসেবে বলতে পারি, আমার হলে কখনো কোনো ধরনের নেশাকে প্রশ্রয় দেব না।’
প্রাধ্যক্ষ আবু দায়েন বলেন, কক্ষটি আপাতত সিলগালা করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।