ছাত্রলীগ কর্মীর হাতে অধ্যক্ষ লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ গতকাল বৃহস্পতিবার লাঞ্ছিত হয়েছেন। ছাত্রলীগের কর্মী সবুজ আহম্মেদ ও তাঁর বন্ধুরা অধ্যক্ষকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সবুজ জেলা সদর উপজেলার চান্দির চর গ্রামের মহিদুর রহমানের ছেলে। তিনি ওই কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা দিয়েছেন।
কলেজশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে এক শিক্ষককে নিয়ে অধ্যক্ষ সৈয়দ মো. ইকবাল মঈজ কলেজ ক্যাম্পাসে পরিদর্শনে বের হন। এ সময় কলেজের ১৩০ নম্বর কক্ষে পাঁচ-ছয়জন বন্ধু নিয়ে জামা খুলে হৈ-হুল্লোড় করছিলেন সবুজ। অধ্যক্ষ তাঁদের শান্ত হতে বললে তাঁরা তাতে কান দেননি। পরে অধ্যক্ষ তাঁদের ধমক দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর সবুজসহ পাঁচ-ছয়জন অধ্যক্ষকে কিল-ঘুষি মারেন। পরে সেখান থেকে সরে আসার পথে ছাত্রলীগের কর্মীরা অধ্যক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান অভিযোগ করেন, এর আগেও ওই ছাত্র কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল-মামুন দাবি করেন, সবুজ ছাত্রলীগের কেউ নন। তবে কলেজের কয়েকজন শিক্ষক ও পৌর ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগে সবুজের কোনো পদ না থাকলেও তিনি সক্রিয় কর্মী।
এ ব্যাপারে কথা বলতে সবুজের মুঠোফোনে একাধিকবার ফোন করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. ইকবাল মঈজ জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কলেজের পক্ষ থেকে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নেওয়া হবে।
সদর থানার ওসি আমিনুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।