ছাত্রলীগ কর্মীর হামলায় জাসদ ছাত্রলীগের দুই নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া ডিগ্রি কলেজে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে জাসদ ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। দেয়ালে সাঁটানো সংগঠনের পোস্টার ছেঁড়ার ঘটনায় গতকাল সোমবার এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ, দলীয় ও প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা গেছে, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের বাইরের দেয়ালে জাসদ ছাত্রলীগ পোস্টার লাগিয়েছিল। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে কলেজ ছাত্রলীগের কর্মী মিজানুর রহমান ৮-১০টি পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় জাসদ ছাত্রলীগের কলেজ কমিটির সহসভাপতি নাদের আলম বাধা দিলে মিজানুর ব্যাগ থেকে চাপাতি বের করে তাঁকে কোপ দেন। কোপটি নাদেরের ঘাড়ের ডান পাশে লাগে। চিৎকার শুনে একই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত সারোয়ার সেখানে ছুটে গেলে মিজানুর তাঁকেও ডান হাতের কবজিতে চাপাতি দিয়ে কোপ দেন। কলেজের শিক্ষকদের কাছ থেকে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে মিজানুরকে আটক করে থানায় নিয়ে যায়। আহত নাদের ও রাহাত কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।