ছাত্রলীগ কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় যুবলীগের ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের একজন নেতা। গত শনিবার রাতে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন ওই মামলা করেন।

মামলায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেনও উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল আলমকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় মামলার এজহারনামীয় তিন আসামিকে গতকাল রোববার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান। পরে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা ও তিতাস থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার বলেন, গত শুক্রবার বিকেলে উপজেলার গাজীপুরে সারওয়ার ও সাইফুলের অনুসারী মো. শাওন, তুষার মিয়া, শাহপরান, রমজান আলী ও জসিমউদ্দিন ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগের সম্পাদক নজরুল ইসলামকে মারধর করেন। এ সময় কার্যালয়ের আসবাব এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন হামলাকারীরা।

এ ঘটনায় দায়ের করা মামলায় তিতাস উপজেলা যুবলীগের সদস্য মঙ্গলকান্দি গ্রামের জসিম উদ্দিন সরকার (২৫), কালাইগোবিন্দপুর গ্রামের রুবেল আহমেদ (২৬) এবং একই গ্রামের মো. মহসিনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির বলেন, কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ও ছবি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ মামলা করলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ আসামিদের ধরছে না।

এদিকে অভিযোগ অস্বীকার করে তিতাস উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল আলম বলেন, ‘শুক্রবার আমি এলাকায় ছিলাম না। চিকিত্সার জন্য ঢাকায় ছিলাম।’

যুবলীগ নেতা সারওয়ার হোসেন বলেন, তিতাসে আওয়ামী লীগকে ধ্বংসের জন্য মামলাটি করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।