ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫
হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ সংঘর্ষের সময় কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারেক জিয়ার সাত বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে। এতে বাধা দেয় ছাত্রলীগ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহত ব্যক্তিরা হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ বলেন, তারেক জিয়ার রায়ের বিরুদ্ধে তাঁরা শান্তিপূর্ণ ধর্মঘটের ডাক দেন। এ সময় বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগ তাঁদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাত্রদল কলেজের ভেতরে ধর্মঘটের ডাক দেয়। এ ধর্মঘটের কারণে যাতে কলেজের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে এ কারণে তাদের কলেজের বাইরে চলে যেতে অনুরোধ করা হয়। এরপর তারা ছাত্রলীগের ওপর হামলা চালায়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।