প্রাধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগে ময়মনিসংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তিন নেতাকে এবার সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার ছাত্রলীগের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
ওই তিন নেতা হলেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রাজ্জাক, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন মণ্ডল এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি নূরে রাব্বী । এর আগে গত বৃহস্পতিবার তাঁদের বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ওই তিন নেতাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা চিঠির মাধ্যমে বহিষ্কার করা হয়। সংগঠনের ওয়েবসাইটে গতকাল এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি বিশ্ববিদ্যালয় কমিটিকে কিছু জানায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই তিন শিক্ষার্থী পৃথকভাবে অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ রুহুল আমীনের কাছে নিজেদের কর্মীর জন্য ২০ থেকে ৩০টি করে আসন দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাঁরা প্রাধ্যক্ষকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় গত বুধবার প্রাধ্যক্ষ ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার প্রভোস্ট কাউন্সিল সভা করে ওই তিনজনের হলের আসন বরাদ্দ বাতিল করে। সভায় তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবীর গতকাল প্রথম আলোকে বলেন, ‘তিনজন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা চিঠি পেয়েছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে। এটি সময়সাপেক্ষ ব্যাপার।’