ছাত্রলীগ নেতা ও পৌর কাউন্সিলর জড়িত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদের পর পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকত লাগোয়া জায়গা আবার দখল করা হচ্ছে। ইতিমধ্যে অন্তত ৫০টি আধাপাকা (টিনশেড) দোকানঘর নির্মাণ করা হয়েছে। সরকারি এ জায়গা দখলের কাজে একজন পৌর কাউন্সিলর ও ছাত্রলীগের এক নেতাও জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবারসরেজমিনে দেখা গেছে, এক মাস আগে উপজেলা প্রশাসন যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল, সেখানে নতুন করে অবৈধ দোকান নির্মাণ চলছে। ৫০টির বেশি টিনশেড ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এভাবে অবৈধ ঘর তোলা প্রসঙ্গে দোকানদারেরা কোনো কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁরা স্থানীয় নেতাদের টাকা দিয়ে এসব দোকানঘর তুলেছেন।

ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসেছেন আমিনুল ইসলাম। তিনি বলেন, এভাবে দোকানপাট গড়ে ওঠায় পরিবেশ ও সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা উচিত।

কয়েকজন দোকান মালিক বলেন, এক সময় সৈকতের নারকেল বাগান দেখভালের দায়িত্বে থাকা আবদুল কুদ্দুস হাওলাদারের তত্ত্বাবধানে এসব দোকানপাট গড়ে উঠছে। প্রতিটি ঘর থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে।

তবে আবদুল কুদ্দুস বলেন, আসলে দখল নয়, এখানে ব্যবসা করার জন্য ঘর তোলা হচ্ছে। তিনি একা নন, কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ ও পৌর ছাত্রলীগের সভাপতি মো. মজিবুর রহমানও এর সঙ্গে জড়িত। তবে পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ বলেন, ‘আমি সততার সঙ্গে বলছি, আসলে ওই খানে আমার কোনো ঘর নাই।’

পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘আমরা এখানে ছোটখাটো দুই একটা ঘর তুলছি, এটাই আপনাদের চোখে পড়ে, কিন্তু এখানে অনেক বড় বড় দখলদার রয়েছেন, তাঁরা সরকারি জমি দখল করে স্থাপনা তুলছেন। তাঁদের কথাও লিখেন।’

মহিপুর ভূমি কার্যালয়ের তহশিলদার মো. সেলিম খান বলেন, ১১ নভেম্বর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। এক সপ্তাহ পর থেকে আবার দখল প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে নতুন করে দখলদারদের নামে তালিকা ও ৬৭টি স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর মধ্যে কুদ্দুসের ১৮টি অবৈধ ঘর রয়েছে।

ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘সরকারি জায়গা দখল করে কেউই ঘর তুলতে পারেন না। আমরা এর উচ্ছেদ অভিযান চালিয়ে ছিলাম। এখন নতুন করে আবার দখল করার খবর পাওয়া গেছে। অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। মামলা করে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।’

২০১১ সালের ২ জুন কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে সব ধরনের স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। কুয়াকাটা সৈকতকে রক্ষা করতে ওই সময় দুটি রুলও জারি করা হয়। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এরপর সমুদ্রসৈকতের সীমানার মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়।