ছাত্রলীগ নেতা খুন, অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবরে গত রোববার রাতে ওয়ার্ড ছাত্রলীগের নেতা মশিউর খুন হয়েছেন। তাঁর বাবার অভিযোগ, যুবলীগের স্থানীয় কয়েকজন কর্মী তাঁকে হত্যা করেছেন। পুলিশ বলছে, স্থানীয় আধিপত্য, অবৈধ আয়ের ভাগাভাগি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটতে পারে।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহত মশিউরের বাবা জুলহাস ব্যাপারী আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আদাবর থানায় একটি হত্যা মামলা করেছেন।

মামলার আট আসামি হলেন মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসান, মোল্লা স্বপন, মধু, সেলিম ওরফে কসাই সেলিম ওরফে বিয়ার সেলিম, সাগর, সাঈদ ওরফে পিচ্চি সাঈদ, ফরহাদ ও মো. হৃদয়। তাঁরা স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন জুলহাস ব্যাপারী।

নিহত মশিউর আদাবরের একটি ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে ইদানীং তিনি স্থানীয় যুবলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

মামলায় অভিযোগ করা হয়, লেদু হাসানের নেতৃত্বে আসামিরা শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মশিউরকে হত্যা করেছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে আদাবরের শেখেরটেকের রফিক হাউজিং সোসাইটি এলাকায় মশিউরকে একা পেয়ে হামলাকারীরা প্রথমে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মশিউর তাঁদের  আচরণের প্রতিবাদ করলে তাঁরা ধারালো অস্ত্র ও ইট দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করেন। মশিউরকে গুরুতর জখম অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যান। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, গত আগস্ট মাসে ইয়াবা ব্যবসার বিরোধের জেরে মোল্লা স্বপনকে মারধর করেছিলেন মশিউর ও তাঁর লোকজন। এ নিয়ে স্বপনের ভাই ৩ আগস্ট আদাবর থানায় মশিউরের বিরুদ্ধে একটি মামলাও করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক দিন আগে জামিনে ছাড়া পান মশিউর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। মশিউর আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিনের অনুসারী।

নিহত মশিউরের বাবা বলেন, তাঁর ছেলে কোনো অবৈধ কাজে জড়িত ছিলেন না। তিনি আরিফুর রহমানের সঙ্গে রাজনীতি করতেন। তিনি বলেন, গত মাসে স্বপনের ভাই মশিউরের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেন। পরে তুহিন মশিউরের জামিনের ব্যবস্থা করে দেন। এরপর তাঁর ওপর হামলা হলো।

এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যুবলীগের আহ্বায়ক আরিফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।