কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ইলিয়াস হোসেন ওরফে সবুজকে একটি বিদেশি রিভলবার, দুইটি গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তারের দাবি করেছে র্যা ব-১১। তবে ইলিয়াসের অনুসারীরা দাবি করেন, র্যা ব অস্ত্র দিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার দেখায়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নন্দনপুর চৌরাস্তা এলাকায় ছাত্রলীগের কর্মীরা টানা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। ওই সময়ে মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ইলিয়াসকে সদর দক্ষিণ থানা-পুলিশের কাছে হস্তান্তর করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
কয়েকজন শিক্ষার্থী ও কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার বেলা ১১টায় র্যা ব-১১ কুমিল্লার সদস্যরা ময়নামতি শালবন বিহার এলাকায় অবস্থান নেয়। ওই সময়ে র্যা বের সদস্যরা সোর্সের মাধ্যমে ইলিয়াসকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে কোটবাড়ির শালবন বিহার এলাকার একটি পিকনিক স্পটে ডেকে আনেন। পরে তাঁরা ওই পিকনিক স্পট ঘেরাও করে ইলিয়াসকে অস্ত্রসহ আটক করেছেন বলে দাবি করেন। এই খবর বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়লে ইলিয়াসের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা মহাসড়কের চৌরাস্তা এলাকায় এসে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবরোধ করেন। এ সময় শত শত যানবাহন ও অ্যাম্বুলেন্স আটকা পড়ে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য মাসুদ মিয়া বলেন, সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি হবে। ওই কমিটিতে তিনি সভাপতি প্রার্থী। প্রতিপক্ষ তাঁকে কৌশলে ডেকে এনে র্যা বকে দিয়ে ধরিয়ে দেয়। এটা অন্যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ছাত্রলীগের কর্মীরা দাবি করেছে, ইলিয়াসকে ডেকে এনে র্যা ব অস্ত্রসহ আটক করে।
র্যা ব-১১ কুমিল্লার প্রিভেনশন কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যা ব অস্ত্রসহ তাঁকে (ইলিয়াস) গ্রেপ্তার করে। র্যা ব কোনো অস্ত্র তুলে দেয়নি।