আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা জাহিদ মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদকে গতকাল শনিবার কাফরুল থানার পুলিশ আদালতে হাজির করে।
মিরপুর বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরার পরিবারের বক্তব্য অনুযায়ী জাহিদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের একপর্যায়ে ফাতেমা আত্মহত্যা করেন। তাঁর বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে জাহিদ ও মজিবুর রহমান ওরফে অনিক নামের তাঁর এক ‘সহযোগীর’ বিরুদ্ধে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। গতকাল ওই মামলায় জাহিদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফাতেমাতুজ্জোহরার স্বজনদের অভিযোগ, জাহিদের সঙ্গে সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন জাহিদকে বিয়ের কথা বললে তিনি অপারগতা জানান। এর জেরে কাফরুল থানায় জাহিদের বিরুদ্ধে একটি জিডি করেন ফাতেমা। জিডির পর জাহিদ তাঁদের হুমকি দিতে থাকেন। এ রকম প্রেক্ষাপটে ১৩ জুন মিরপুর শেওড়াপাড়ার বাসায় গলায় ফাঁস দেন ফাতেমা।
ফাতেমাতুজ্জোহরা কাফরুল থানা শাখা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদিকা ছিলেন।