ছাত্রলীগ নেতা নুরুল আজিমের জামিন নামঞ্জুর
অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা এই আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, অস্ত্র আইনের মামলায় জামিনের আবেদন করেন নুরুল আজিম। শুনানি নিয়ে আবেদন নামঞ্জুর করেন আদালত।
গত শনিবার চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ভোট গ্রহণের সময় নুরুল আজিমকে আটক করে বিজিবি। ইউনিয়নের চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাচনী বিধিমালার পৃথক দুটি ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া হাটহাজারী থানায় নুরুল আজিমের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নুরুল আজিম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।
ষড়যন্ত্রের অংশ হিসেবে নুরুল আজিমকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ।