ছাত্রলীগ নেতা পেটালেন চা-বিক্রেতাকে
নাটোরের গুরুদাসপুর পৌর শহরে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চা-বিক্রেতাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার পৌর শহরের চাঁচকৈড় বাজারে এ ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার চা-বিক্রেতার নাম বাবলু ঘোষ (৫০)। তিনি চাঁচকৈড় বাজারের হরিবাসরসংলগ্ন একটি দোকানের চা-বিক্রেতা।
বাবলু ঘোষ অভিযোগ করেন, গত সোমবার সকালে বাজারের ব্যবসায়ী আলাল ফকির তাঁর দোকানে চা দিতে বলেন। দোকানে ভিড় থাকার কারণে বাবলু চা দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন আলাল ফকির। গতকাল সকালে আলাল আবারও চা পাঠাতে বললে বাবলু অপারগতা প্রকাশ করেন। এরপর আলাল তাঁর ভাই রেজাউল করিমকে ডেকে এনে বাবলুকে মারধর করেন। রেজাউল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
ওই ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীর নেতৃত্বে একটি সমঝোতা বৈঠক হয়। বৈঠকে ভুক্তভোগী এবং তাঁর সঙ্গের অন্য দোকানিরা উপস্থিত হলেও অভিযুক্তদের কেউ আসেননি। পরে ব্যবসায়ীরা রেজাউল করিমের বিচারের দাবিতে আজ বুধবার আধাবেলা দোকানপাট বন্ধ রাখার ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।
রেজাউল করিম গতকাল রাতে মুঠোফোনে দাবি করেন, তিনি বাবলুকে মারধর করেননি।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিরা আসেননি।