ছাত্রলীগ নেতা পেটালেন প্রধান শিক্ষককে
চাঁদা না পাওয়ায় বগুড়ার ধুনটে ছাত্রলীগের এক নেতা গতকাল বৃহস্পতিবার কুড়িগাতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার কুড়িগাতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফের কাছে বনভোজনের কথা বলে মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া কয়েক দিন ধরে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু প্রধান শিক্ষক ওই টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সুজন। একপর্যায়ে গতকাল বেলা ১১টার দিকে বিদ্যালয়ে আসার পথে চারমাথা বাজারে তিনি প্রধান শিক্ষকের পথরোধ করে তাঁকে মারধর করেন। খবর পেয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ দাবি করেন, ‘কয়েক দিন ধরে বনভোজনের কথা বলে সুজন মিয়া আমার কাছে ১০ হাজার টাকা দাবি করে আসছে। টাকা না দেওয়ায় সে আমাকে মারধর করেছে।’
ছাত্রলীগের নেতা সুজন মিয়া দাবি করেন, ‘বিদ্যালয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও কমিটি গঠনের প্রতিবাদ করায় প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির ঘটনা প্রচার করেন। এ ঘটনা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে প্রধান শিক্ষককে মারধর করা হয়নি।’
বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা বলেন, ‘ছাত্রলীগ নেতার বনভোজন উপলক্ষে চাঁদা চাওয়ার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে কয়েক দিন আগে অবগত করেন। আমি ওই ছাত্রলীগ নেতাকে প্রধান শিক্ষকের সঙ্গে একটা সমঝোতার চেষ্টা করি। কিন্তু ছাত্রলীগ নেতা মীমাংসায় রাজি হয়নি।’