ছাত্রলীগ নেতা রাশেদুলকে গ্রেপ্তারে সময় বেঁধে দিলেন সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম l ছবি: প্রথম আলো
আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের ছাত্রত্ব বাতিল, সংগঠন থেকে বহিষ্কার ও তাঁকে গ্রেপ্তারের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। অন্যথায় ২২ ফেব্রুয়ারির সমাবেশ থেকে আরও কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।
প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেখান থেকেই এসব দাবি জানানো হয়।
গতকাল বুধবার দুপুরে নগরের প্রবর্তক মোড়ে পেশাগত দায়িত্ব পালনের সময় আলোকচিত্রী জুয়েল শীলকে মারধর ও তাঁর সঙ্গে চরম অবমাননাকর আচরণ করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে এই বর্বরোচিত হামলা সংঘটিত হয়। এর প্রতিবাদে আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন। চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকেরা এতে অংশ নেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, বিএফইউজের সহসভাপতি শহীদুল ইসলাম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক মোশতাক আহমেদ, নুরুল আমিন, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, বাসসের ব্যুরো প্রধান সমীর বড়ুয়া, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল ও রিয়াজ হায়দার, সিইউজের বর্তমান সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ ও নির্বাহী সদস্য ফারুক তাহের প্রমুখ।


সমাবেশে সিইউজের সভাপতি এজাজ ইউসুফী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামকে ‘দুর্বৃত্ত’ ও ‘গুন্ডা’ অভিহিত করে বলেন, ‘তাঁর ছাত্রত্ব বাতিল, ছাত্রলীগ থেকে বহিষ্কার ও জুয়েল শীলের ওপর হামলার ঘটনায় করা জিডি মামলায় রূপান্তর করে গ্রেপ্তারের জন্য আমরা মেডিকেল কলেজ প্রশাসন, পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বকে তিন দিনের সময়সীমা দিলাম। এই সময়সীমার মধ্যে দুর্বৃত্ত রাশেদুলকে গ্রেপ্তার করতে আমরা পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। কারণ সাংবাদিকের ওপর হামলা চালিয়ে আইয়ুব, ইয়াহিয়া ও এরশাদ টিকে থাকতে পারেনি। এরাও পারবে না। আমাদের দাবি ২১ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন না হলে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের চত্বরের সমাবেশ থেকে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।’

এজাজ ইউসুফী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি উন্নয়নের রোডম্যাপ নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু ছাত্রলীগ নামধারী এই দুর্বৃত্তরা আপনাকে ক্ষমতায় আনেনি। জনগণ আপনাকে ক্ষমতায় এনেছেন। এখন এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নইলে আপনার সরকারের সব অর্জন নষ্ট করে দেবে এই দুর্বৃত্তরা।’

বিক্ষোভ সমাবেশে আবুল মোমেন বলেন, ‘সাংবাদিকদের ওপর বারবার হামলা হচ্ছে। ক্ষমতাসীন দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধীরা এসব করছে। এ ব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে ক্ষমতাসীন দলকে সতর্ক হতে হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।’

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার বলেন, ‘জুয়েল শীলের সঙ্গে যে চরম অবমাননাকর আচরণ করা হয়েছে, তা গোটা সাংবাদিক সমাজের জন্য অপমানজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস দুর্বৃত্তদের আখড়ায় পরিণত হয়েছে কি না, এই প্রশ্ন আমাদের। দ্রুত সময়ের মধ্যে রাশেদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ রাস্তা ছেড়ে যাবে না।’

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ বলেন, ‘গত সোমবার রাতে নাসিরাবাদ এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে মদ খেয়ে মেডিকেলের কিছু ছেলে হামলা চালিয়েছিল। সেদিন মেয়েদেরও লাঞ্ছিত করা হয়। এরা ইতর শ্রেণির। এই ইতররা নিজেদের অপকর্ম ঢাকতে আবার রাস্তা অবরোধের নামে পথচারীর ওপর হামলা চালিয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় এই ইতররা জুয়েল শীলকে মারধর করে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঘরে ফিরে যাবে না।’

আরও পড়ুন: