ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি আ.লীগের কর্মসূচিতে
রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রলীগের নেতা ফিরোজ কবীর হত্যা মামলার আসামি ও যুবদল নেতা আশরাফ উদ্দিন ওরফে বাবুকে কয়েক দিন আগে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমের সঙ্গে একটি মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।
আশরাফ উদ্দিনের দাবি তিনি স্থানীয় সাংসদের সঙ্গে দেখা করেছেন। অনেক লোকজন নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করবেন। এ জন্য দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
আশরাফ উদ্দিন কিছুদিন আগেও গোদাগাড়ী পৌর যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তাঁকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। এরপরই তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে চলাফেরা শুরু করেন।
তবে স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ফিরোজ হত্যা মামলা থেকে বাঁচতে এর আগে থেকেই তিনি আওয়ামী লীগের হয়ে কাজ শুরু করেছিলেন এ কারণেই পৌর যুবদলের সম্পাদকের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে আশরাফ উদ্দিন বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে এখনো যোগদান করেননি। সাংসদের সঙ্গে কথা হয়েছে। অনেক লোকজন নিয়ে যোগদান করবেন। তবে তিনি জানান, ইতিমধ্যে আওয়ামী লীগের কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। গত শোক দিবসের কর্মসূচিতেও তিনি ছিলেন। তিনি দাবি করেন আওয়ামী লীগের সঙ্গে চলাফেরা দেখেই হয়তো বিএনপি তাঁকে বহিষ্কার করেছে। তবে হত্যা মামলার ব্যাপারে তিনি বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ওই মামলায় আসামি করা হয়েছে। আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই।’ তবে তিনি স্বীকার করেন মামলাটি এখনো শেষ হয়নি।
নিহত ফিরোজ কবীর গোদাগাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৪ সালের ২০ অক্টোবর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফিরোজের বড় ভাই শহীদুল ইসলাম ছাত্রদলের ১৮ জন নেতা-কর্মীকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আটক হয়ে দেড় বছর জেল খেটেছেন আশরাফ উদ্দিন। বর্তমানে জামিনে আছেন। ২০০৮ সালের দিকে হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন মামলার ১৮ জন আসামিকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু এখন পর্যন্ত এর বিচারকাজ শেষ হয়নি।
ফিরোজ কবীরের বড় ভাই ও মামলার বাদী শহীদুল ইসলাম বলেন, ‘আশরাফ উদ্দিনকে এখন আওয়ামী লীগের সাংসদের পেছনে ঘুরতে দেখা যাচ্ছে। আমি কাউকে কিছু বলতে পারছি না। সাংসদ নিজেও জানেন আশরাফ উদ্দিন হত্যা মামলার আসামি। তিনি নিজেই প্রধানমন্ত্রীর কাছ থেকে ফিরোজ হত্যাকাণ্ডের পর আমার পরিবারের জন্য পাঁচ লাখ টাকা অনুদান এনে দিয়েছেন। তাঁকে আমি কী বলব? তবে দলীয় নেতাদের মনে রাখা দরকার, আশরাফ উদ্দিন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিকের হত্যাকারী।’
গতকাল সোমবার রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আশরাফকে পৌর আওয়ামী লীগের মিছিলে আমিও দেখেছি। তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছে।’
মুঠোফোনে সংযোগ না পাওয়ায় এ ব্যাপারে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বলেন, ‘আশরাফ উদ্দিন আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাঁর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’