চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন শাখা ছাত্রলীগের বিলুপ্তি কমিটির উপ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশা। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে এ হুমকি দেন ওই ছাত্রলীগ নেতা।
গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর এলাকায় পুলিশের ওপর হামলা চালায় আশাসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা ৪৪ মিনিটে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনীম হাসানকে ০১৮২৯৩৮২২২৮ নম্বর থেকে ফোন করে নিজের পরিচয় দিয়ে আশা বলেন, ‘আমার নামে নিউজ করেছ। তোমার সাহস তো কম না। তোমাকে আমি দেখে নেব। আমি ছাত্রলীগসহ কাউকেই গুনি না। আমার বিরুদ্ধে না হয় কালকে আবারও নিউজ করবা আরকি? কী করতে পারবে আমার? আমার কিছুই করতে পারবে না।’ এ সময় অকথ্য ভাষায় গালিগালাজও করেন আশা।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন মাসুদ বলেন, ‘এর আগেও আমাদের এক বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন আশা। তখনো তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ২৪ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চাই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনায় বসছি।