ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ওরফে অনিককে আটকের পর পুলিশ ছেড়ে দিয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে সরকারি বাঙলা কলেজের ক্যাম্পাস থেকে তাঁকে আটক করা হয়।
ছাত্রলীগের নেতা মুজিবুর রহমান একই কলেজের ছাত্রলীগ নেত্রী ফাতেমাতুজ জোহরার আত্মহত্যায় প্ররোচনা মামলায় এজাহারভুক্ত দ্বিতীয় আসামি। তবে পুলিশের দাবি, মুজিবুরকে আটক করা হয়নি।
সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম জাহিদ মাহমুদের সঙ্গে ফাতেমাতুজ জোহরার সম্পর্ক ছিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জাহিদকে বিয়ের জন্য চাপ দেন তিনি। জাহিদ বিয়ে না করে উল্টো ফাতেমা ও তাঁর পরিবারকে নানা রকম হুমকি দেন। পরে গত ১৩ জুন ফাতেমাতুজ জোহরা গলায় ফাঁস দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর বাবা তোফাজ্জল হোসেন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুজিবুর রহমান, জাহিদসহ সাতজনকে আসামি করেন।