ছাত্রলীগ নেতাকে আসামি করায় সড়ক অবরোধ

বরিশালে ছাত্রলীগের কর্মী মো. রেজাউল করিম ওরফে রেজা হত্যা মামলায় মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিনকে আসামি করায় গতকাল সোমবার ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে সড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।
বিকেল সোয়া পাঁচটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কটির বরিশাল শহরের সাগরদি এলাকায় মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, সাগরদি এলাকায় ছাত্রলীগ নেতা জসিমউদ্দিনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন চলছে। কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কের রূপাতলী এলাকার পেট্রলপাম্প থেকে আমতলার মোড় ছাড়িয়ে সিঅ্যান্ডবি সড়ক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা অবরোধ করে ফেলেন। এ সময় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবদুর রউফ খান বলেন, ছাত্রলীগের সড়ক অবরোধে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
গত রোববার রাতে নিহত রেজাউলের বড় ভাই মো. রিয়াজুল করিম বাদী হয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন ও মহানগর যুবলীগের সদস্য মেহেদী হাসানসহ ১৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার দেড় ঘণ্টার মধ্যে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার কুপিয়ে হত্যা করা হয় ইনস্টিটিউটের সাবেক ছাত্র ও ছাত্রলীগের কর্মী রেজাউলকে। এ ঘটনায় আহত হন আরও তিন শিক্ষার্থী।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রোববার রাতে মামলার কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, মামলার ৫ নম্বর আসামি মেহেদী হাসান লঞ্চযোগে ঢাকায় পালিয়ে যাচ্ছেন। রাত নয়টার দিকে লঞ্চটি বরিশাল নৌবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রাও করে। পরে লঞ্চ কর্তৃপক্ষকে ফোনে লঞ্চ ধীরে চালানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে লঞ্চের আনসারদের বলা হয়, মেহেদী হাসানকে নজরদারিতে রাখতে। পরে পুলিশের সদস্যরা স্পিডবোট নিয়ে রাত ১০টার দিকে নৌবন্দর থেকে আট কিলোমিটার দূরে বেলতলা এলাকায় গিয়ে লঞ্চ থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেন। গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, মেহেদী হাসানই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তাঁর সঙ্গে রেজাউলের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।
মামলার বিষয়ে জানতে চাইলে বাদী রিয়াজুল কবির প্রথম আলোকে বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের আহত কর্মীদের সঙ্গে কথা বলে আসামিদের নাম দেওয়া হয়েছে। মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন হচ্ছেন ১২ নম্বর আসামি।
ওসি আতাউর রহমান বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। তার জের ধরে শুক্রবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মেহেদী হাসান সরাসরি যুক্ত না পরিকল্পনাকারী, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।