ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
ময়মনসিংহের নান্দাইলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. পারভেজ আজাদ (২৬) নামের একজনকে গুরুতর জখম করা হয়েছে। তিনি নান্দাইল পৌর ছাত্রলীগের (একাংশ) সহসভাপতি বলে সংগঠন সূত্রে জানা গেছে।
আহত পারভেজকে উদ্ধারকারী দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল সেতুর কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশপাশে কোনো সড়কবাতি না জ্বলায় জায়গাটি অন্ধকারাচ্ছন্ন ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার চারজন বলেন, হামলার সঙ্গে জড়িত অভিযোগে যাদের নাম আলোচিত হচ্ছে, তাদের কয়েকজন নান্দাইল সেতুর গোড়ায় মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড নিয়ন্ত্রণে জড়িত। হামলায় আহত হয়ে পারভেজ রাস্তায় পড়ে ছিলেন। পরে স্বজনেরা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গতকাল শুক্রবার মুঠোফোনে পারভেজের বড় ভাই মো. রফিকুল ইসলাম আজাদ বলেন, চিকিৎসকদের পরামর্শে পারভেজকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় গতকাল পর্যন্ত কেউ মামলা করেনি।