ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করল ছাত্রলীগ
বরিশাল নগরে আসন্ন বাণিজ্য মেলায় মোটরসাইকেল স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে সংগঠনটির অন্য পক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের মেরিন ওয়ার্কশপ মাঠে মেলা প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।
আহত নেতার নাম সেজান মাহমুদ (২৩)। তিনি ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে বাণিজ্য মেলা-সংলগ্ন সাইকেল স্ট্যান্ড এককভাবে নিয়ন্ত্রণ করত ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ। এবার ওই ওয়ার্ড ও ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগকে যৌথভাবে সাইকেল স্ট্যান্ডের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন মেলার আয়োজকেরা। কিন্তু ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ এবারও এককভাবে নিয়ন্ত্রণ দাবি করে। এ নিয়ে সেজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ভাটারখাল এলাকার প্রদীপের নেতৃত্বে জুয়েল, স্বপন, রুবেলসহ ১৫-১৬ জন এ হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।