ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি ব্রজমোহন কলেজের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে ওই নেতার সমর্থকেরা ইংরেজি ভবনের ফটক আটকে দেন। ছবিটি গতকাল দুপুর ১২টার দিকে l প্রথম আলো
সরকারি ব্রজমোহন কলেজের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে ওই নেতার সমর্থকেরা ইংরেজি ভবনের ফটক আটকে দেন। ছবিটি গতকাল দুপুর ১২টার দিকে l প্রথম আলো

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্রলীগের নেতা এবং কলেজ ছাত্র–কর্মপরিষদের (বাকসু) ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ ওরফে মুন্নাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বিএম কলেজ-সংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় কলেজ ছাত্রলীগের সদস্য সুনীল বাড়ৈর নেতৃত্বে হামলা চালিয়ে ফয়সাল আহম্মেদকে কুপিয়ে জখম করা হয়। পুলিশ রাতেই সুনীলকে চাপাতিসহ আটক করে। কলেজের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র সুনীল।
হামলার প্রতিবাদে গতকাল বেলা সোয়া ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের একাংশ। তারা কলেজের সামনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখন পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাহিদ সেরনিয়াবাত-সমর্থক ছাত্রলীগের নেতারা।
কলেজ ও দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএম কলেজে ছাত্রলীগে দুটি পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও বাকসুর সহসভাপতি মঈন তুষার। অপর পক্ষের নেতৃত্বে আছেন কলেজ শাখা ছাত্রলীগের আরেক যুগ্ম আহ্বায়ক ও বাকসুর সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাত। হামলায় গুরুতর আহত ফয়সাল হলেন নাহিদ সেরনিয়াবাতের সমর্থক।
নাহিদ সেরনিয়াবাত অভিযোগ করেন, মূলত ছাত্র সংসদের সহসভাপতি মঈন তুষার ও সাহিত্য সম্পাদক নূর আল সাঈদীর নেতৃত্বে ফয়সালের ওপর হামলা চালানো হয়েছে। লেনদেন-সংক্রান্ত ঝামেলার কারণে তাঁকে হত্যার চেষ্টা হয়েছিল। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। কিন্তু কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তাতে লাঠিপেটা করেছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে ওসি মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আটক সুনীল বর্তমানে থানা হেফাজতে আছেন। পুলিশের কাছে তিনি হামলার কথা স্বীকার করেছেন। তারপরও অন্য কেউ জড়িত থাকলে তা খতিয়ে দেখা হবে। এখানে কারও পক্ষে-বিপক্ষে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, নাহিদ সেরনিয়াবাত ও মঈন তুষারের ছাত্রত্ব নেই। অছাত্রদের কলেজ থেকে সরিয়ে দিলে আর সমস্যা হবে না। দুজনকেই কলেজে ঢুকতে নিষেধ করা হবে।
তবে মঈন তুষার প্রথম আলোকে বলেন, ‘আমি বা আমার কোনো লোক হামলা করেনি। মূলত সুনীল ফয়সালের কাছে দেড় লাখ টাকা পেত। সেই টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। সুনীল নিজে ফয়সালকে কুপিয়েছে। এ ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে কলেজে বিক্ষোভ করে ফয়সালের অনুসারীরা।’
গুরুতর আহত ফয়সাল বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ঘাড় ও মাথায় জখম হয়েছে।