চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদককে কুপিয়ে আহত করেছেন সংগঠনেরই আরেক পক্ষের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার রাতে ক্যাম্পাসের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে। আহত মাহবুব রহমান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক আতাউল গণি প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাঁর দুই হাতে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় নতুন কলা অনুষদের ও জননেত্রী শেখ হাসিনা হলের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের দরপত্র নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। সেদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মিজানুর রহমানসহ তিনজনের ওপর হামলা চালান আরেক পক্ষের নেতা-কর্মীরা। ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত ১০টার দিকে শাহজালাল হলে প্রবেশের সময় মাহবুবের ওপর হামলা চালানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, দুই পক্ষের মধ্যে একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। সমাধানের চেষ্টা করা হচ্ছে।