ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
রংপুরের কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাইদুল ইসলাম সদর উপজেলার পালিচড়া এলাকার বাসিন্দা। গত বুধবার রাত ১০টার দিকে পালিচড়া বাজারে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত মাইদুল লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালায়। তখন স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়েছে বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসক বিমল কুমার জানিয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
মাইদুল ইসলাম বলেন, কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর মামলা করার বিষয়ে ভাববেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘এটি কোনো দলীয় ব্যাপার নয়। পারিবারিক দ্বন্দ্বের কারণে তাঁর ওপর এই হামলা হয়েছে।’
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’