ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দলীয় প্রতিপক্ষ
ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ছাত্রলীগের শাহবাগ থানা কমিটির এক নেতা। তাঁর অভিযোগ, কমিটিরই অন্য একটি পক্ষ তাঁর ওপর হামলা করেছে।
এ বিষয়ে গতকাল সোমবার রাজধানীর শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। আহত ছাত্রলীগ নেতার নাম ইব্রাহিম রাসেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের স্টাফ কোয়ার্টারে থাকেন। আবু জর গিফারী কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি শাহবাগ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
আহত রাসেলের মা শাহিনুর বেগমের করা মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ফটকের সামনে তাঁকে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাসেলের অভিযোগ, কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের নেতৃত্বে এই হামলা হয়েছে। এখানে আসার আগে জাকির তাঁকে ও তাঁর সঙ্গে থাকা একজনের কাছে তাঁর অবস্থান জানতে চান। পরে মেডিকেলের সামনে এলে তাঁর ওপর হামলা করা হয়। তাঁর দাবি, মাদক ব্যবসায়ের বিরোধিতা করায় তাঁর ওপর হামলা করা হয়েছে।
জানতে চাইলে জাকির হোসেন ফোন করার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘মেডিকেলের সামনে দোকান বসানো নিয়ে আমার কিছু ছোট ভাইয়ের সঙ্গে তাঁর বিরোধ ছিল। আমি ফোন দিয়ে বিষয়টি মীমাংসা করতে বলেছিলাম। কিন্তু হামলার সময় আমি ছিলাম না। আমাকে না জানিয়েই তারা হামলা করেছে। এমনকি আমি তাদের ফোন করে কৈফিয়ত চাইতে ডাকলেও তারা আসেনি।’ মাদক ব্যবসায়ের কথা জানতে চাইলে জাকির ‘বিষয়টি সত্য নয়’ বলে দাবি করেন।