ছাত্রলীগ নেতাকে কোপানোর ঘটনায় আরও ২ শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় আজ শুক্রবার ভোরে ছাত্রশিবিরের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জিয়াউল হক ও কাওছার আহমদ।

এর আগে এ ঘটনায় গত বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের স্কুল ও কলেজবিষয়ক সম্পাদক জাবেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান বাবুল জানান, জিয়াউল হক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মেসবিষয়ক সম্পাদক ও কাওছার আহমদ ‘এ বিল্ডিং’-এর শিবিরের সাধারণ সম্পাদক। জিয়াউল বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আর কাওছার ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তপোবন আবাসিক এলাকা থেকে জিয়াউল হককে ও সিলেটের খুলিয়াপাড়া এলাকা থেকে কাওছার আহমদকে গ্রেপ্তার করা হয়।
ওসি দাবি করেন, জিয়াউল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের সদস্য। একই সঙ্গে তিনি গত ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী পরিবহন বাসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলারও এজাহারভুক্ত আসামি।
আকতার হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা উত্তমের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ আদালতে আবেদন করেছে।
গত বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি রেস্তোরাঁয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাসকে কুপিয়ে মারাত্মক জখম করে মুখোশধারীরা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি হত্যা-চেষ্টার মামলা করেন।