ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেও ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক নির্যাতনের অভিযোগে করা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলামকে গতকাল সোমবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে পৌর শহরের মালিবাগ এলাকার নিজ বাড়ি থেকে জাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মধ্যবাজারে কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরে মিছিলকারীরা জামালপুর-বকশীগঞ্জ সড়কের বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, স্থানীয় একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশের জেরে গত শনিবার বিকেলে দৈনিক ভোরের কাগজ-এর উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেনকে ছাত্রলীগের কার্যালয়ে ডেকে নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল। পরে তাঁর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতেই বিল্লাল হোসেন বাদী হয়ে জাহিদুলসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
বিল্লাল হোসেন বলেন, ‘ছাত্রলীগের কার্যালয়ে ডেকে নিয়ে হাত-পা বেঁধে তাঁরা মুঠোফোনে প্রথমে আমার ছবি তোলেন। পরে ছাত্রলীগের সভাপতির নির্দেশে পাঁচ-সাতজন লাঠি দিয়ে বেধড়ক পেটান। পুলিশ তাঁকে প্রেপ্তার করার পর কোন যুক্তিতে ছেড়ে দিল বুঝতে পারছি না।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার উপপরিদর্শক নয়ন দাস জানান, গতকাল ভোর ছয়টার দিকে পুলিশ ছাত্রলীগের নেতা জাহিদুলকে বকশীগঞ্জ থানা থেকে জামালপুর সদর থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, মামলার আসামি হিসেবে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪৯৭ ধারায় পুলিশ কোনো ব্যক্তির জিম্মায় আসামিকে ছেড়ে দিতে পারে। হয়তো সেভাবেই ছেড়ে দেওয়া হয়ে থাকতে পারে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে গতকাল রাত ৮টা ৪০ মিনিটে ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই সাংবাদিককে শুধু বাধা দেওয়া হয়েছিল, তাঁকে মারধর করা হয়নি। গ্রেপ্তারের পরও ছাড়া পেলেন কীভাবে? জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন স্থানীয় একটি পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে আর কিছু বলতে রাজি হননি।