ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেলকে (২৫) গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তাঁর অনুসারী ছাত্রলীগের কর্মীরা।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, আজ শুক্রবার রাতে তানভীরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া বলেন, ১১ আগস্ট শহরের থানাপাড়া এলাকায় ছাত্রলীগের এক কর্মীকে কোপানোর মামলায় তানভীরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে আটটার দিকে তানভীরুল ইসলাম টাঙ্গাইল সদর থানায় একটি কাজে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, তানভীরুল ইসলামকে গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর অনুসারী ছাত্রলীগের কর্মীসহ তিন শতাধিক নেতা-কর্মী টাঙ্গাইল সদর থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার প্রস্তুতি নেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরে যেতে বলেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিরালার মোড়ে গিয়ে বিক্ষোভ শুরু করে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান ও শাজাহান আনসারি, পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক, জেলা যুবলীগের সহসভাপতি খান আহমেদ শুভ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুল ইসলাম খান এ ঘটনার পর থানায় পুলিশের সঙ্গে কথা বলতে যান।