ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে ফেরার পথে মারামারির ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় মামলা হয়েছে।
মারামারির ঘটনায় ছুরিকাহত সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নেতা মোহাম্মদ রাশেদের ভাই মোহাম্মদ ইমরান এই মামলা করেন। মামলায় অভি পাল ও ঋষিকেশ বিশ্বাস নামের দুজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার প্রতিবাদে গত সোমবার নগরের মাঝিরঘাটে জাগ্রত ছাত্র যুবসমাজের ব্যানারে সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। ফেরার পথে ওই এলাকার একটি রেস্তোরাঁর সামনে মারামারি হয়। এতে সরকারি সিটি কলেজ ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাশেদসহ তিনজন আহত হন।
সদরঘাট থানার এএসআই নাজমা আক্তার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।