ছাত্রলীগ নেতাকে জখম, দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম। আজ বুধবার সন্ধ্যায় সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়।

এ ঘটনায় জড়িত অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সহসভাপতিকে আটক করেছে পুলিশ। আসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সন্ধ্যা সাতটার দিকে ছাত্রলীগ নেতা আসলাম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁকে ডেকে কাঁচাবাজার এলাকায় নিয়ে যান। সেখানে আসলামের দুই পায়ে ও মাথায় ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এরপর সেখানে তাঁকে ফেলে পালিয়ে যান হামলাকারীরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ায় পাঠানো হয়। পরে আসলামের ওপর হামলার অভিযোগে পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ও সহসভাপতি আবদুস সালামকে আটক করে।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে এ ঘটনায় আজ রাত সোয়া আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।