ছাত্রলীগ নেতাকে জরিমানা মিরপুরে সড়ক অবরোধ
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করার প্রতিবাদে সরকারি বাঙলা কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
দারুসসালাম থানার পুলিশ জানায়, বেলা তিনটার দিকে বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান মিয়া মোটরসাইকেলে তিনজনকে নিয়ে গণভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। গণভবনের সামনে কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তা তাঁদের থামিয়ে ট্রাফিক আইনে মামলা করেন। এ নিয়ে ছাত্রলীগের ওই নেতার সঙ্গে ট্রাফিক সার্জেন্টের কথা-কাটাকাটিও হয়। সরকারি বাঙলা কলেজে এই খবর ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীরা বাঙলা কলেজের সামনের সড়কটি ঘণ্টা খানেক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রাতে যোগাযোগ করা হলে দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে সড়কটি ক্লিয়ার করি। তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।’
জানতে চাইলে ছাত্রলীগের নেতা সোলায়মান মিয়া বলেন, ‘আমি সাংসদ আসলামুল হকের ধানমন্ডির অফিসে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানের বিষয়ে কথা বলে মিরপুরে ফিরছিলাম। সার্জেন্ট আমাকে থামতে বললে আমি মোটরসাইকেল থামাই। গত বুধবার শাহজালাল বিমানবন্দরে গিয়ে আমার হেলমেট হারিয়েছি। আমি সার্জেন্টকে আমার পরিচয় দিয়েছিলাম, তিনি তা-ও শোনেননি। এমনকি আমার গাড়িও আটকে রাখে। আমার মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেন। এই খবর শুনে অল্প সময়ের জন্য কলেজের ছেলেরা রাস্তায় নেমেছিল বলে শুনেছি। পরে মিরপুর থানা আওয়ামী লীগের নেতারা এসে আমাকে নিয়ে যায়।’