ছাত্রলীগ নেতাকে পেটালেন যুবলীগের নেতা!
ফেনীর ফুলগাজীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের নেতা মো. রাজিমের নেতৃত্বে মো. ইসমাইল হোসেন (২৮) নামের ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ইসমাইলের ভাই এনায়েত উল্যা বাবুল মো. রাজিমসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেছেন।
পুলিশ সূত্র জানায়, ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসমাইল হোসেন গত বুধবার সন্ধ্যায় ফুলগাজী বাজারে যান। এ সময় সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাজিমের নেতৃত্বে কয়েকজন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। টেনেহিঁচড়ে তাকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। তাঁকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যুবলীগের নেতা মো. রাজিম বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না।
ফুলগাজী থানার ওসি হারুন অর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।