জগন্নাথে শিক্ষিকা লাঞ্ছিত ও ছাত্রীকে যৌন হয়রানি
ছাত্রলীগ নেতাকে বহিষ্কার, শিক্ষককে অপসারণের দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা আরেক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকেরও অপসারণের দাবি করেছেন।
ক্যাম্পাসের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ব্যানারে পৃথক সমাবেশে এসব দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর ও ছাত্রলীগের সূত্র জানায়, গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষিকার সঙ্গে শাখা ছাত্রলীগের সহসম্পাদক আরজ মিয়ার ধাক্কা লাগে। এ সময় ওই শিক্ষিকা ও আরজের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষিকাকে লাঞ্ছিত করেন আরজ। এ ঘটনায় ওই দিনই আরজকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে একই বিভাগের এক শিক্ষককে গত রোববার বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার উপাচার্য মীজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছিলেন ওই ছাত্রী।
ছাত্রফ্রন্টের সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে ভূমিকা রাখবেন একজন শিক্ষক। কিন্তু নিজ ছাত্রীকে যৌন হয়রানি করে অধঃপতিত চরিত্রের পরিচয় দিয়েছেন ওই শিক্ষক, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। তাঁরা অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে অপসারণ ও শিক্ষিকা লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
সমাবেশে শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহরাব আজাদের পরিচালনায় সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
সাধারণ শিক্ষার্থীদের সমাবেশে বক্তারা বলেন, শিক্ষিকা লাঞ্ছিত করায় গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন আরজকে পুলিশে সোপর্দ করলেও ক্যাম্পাস থেকেই তাঁকে ছাড়িয়ে নেয় ছাত্রলীগ। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। তাই ৪৮ ঘণ্টার মধ্যে আরজকে স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় ক্যাম্পাসে ধর্মঘটসহ বড় ধরনের কর্মসূচির দেওয়া হুমকি দেন শিক্ষার্থীরা।
পুলিশের হাত থেকে আরজকে ছিনিয়ে নেওয়া ও শিক্ষার্থীদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আরজ নামে ছাত্রলীগের কোনো কর্মী নেই। তবে আরজ পুলিশের হাত থেকে পালিয়েছেন বলে জানতে পেরেছি।’
আরজকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘ঘটনার পরই আরজকে পুলিসে সোপর্দ করা হয়েছিল। পরে পুলিশের হাত থেকে আরজ পালিয়ে গেছেন বলে জানতে পেরেছি। তাই তাঁকে আটক করতে পুলিশকে বলা হয়েছে।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘আরজকে আটক করে থানায় আনার সময় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনেক চাপ ছিল। এই সুযোগে আরজ পালিয়ে গেছেন। তবে তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ছাড়া লাঞ্ছনার শিকার ওই শিক্ষিকা গতকাল থানায় একটি মামলা করেছেন। ’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, ‘সার্বিক পরিস্থিতি বুঝে ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তদন্তে বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে রেজিস্ট্রার বলেন, প্রাথমিকভাবে আরজকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষিকাকে লাঞ্ছিত ও ছাত্রীকে যৌন হয়রানি করার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। গত রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিলে বাধা দিয়ে যৌনসন্ত্রাসের পক্ষে সাংগঠনিক অবস্থান ব্যক্ত করল ছাত্রলীগ।’