ছাত্রলীগ নেতাকে বাকি না দেওয়ায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে বাকিতে বাজারের ব্যাগ (থলে) না দেওয়ায় এক দোকানিকে মারধর ও দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালীবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার কালীবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী দেবাশীষ মণ্ডলের দোকানে লোক পাঠিয়ে বাকিতে দুটি ব্যাগ দিতে বলেন।
দেবাশীষ সন্ধ্যার সময় বাকিতে ব্যাগ দেবেন না বলে জানান। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী দেবাশীষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাঁকে মারধর করেন এবং তাঁর দোকানে ভাঙচুর চালান। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা একত্র হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।
দেবাশীষ মণ্ডল বলেন, ‘সন্ধ্যার সময় হওয়ায় আমি বাকিতে ব্যাগ দিইনি। এ কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর হামলা ও দোকানে ভাঙচুর চালায়।’
সুমন হাওলাদারের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান বলেন, বাকিতে ব্যাগ না দেওয়ায় সুমনের সঙ্গে দেবাশীষের কথা-কাটাকাটি হয়। মারধর বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। উপজেলা আওয়ামী লীগের নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলেছেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক গতকাল শনিবার বিকেলে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।